নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছয়টি আসনে ৬২ জন প্রার্থী তাদের কাগজপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ৮ জন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ৭ জন, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে ৮ জন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের দুই ইউনিয়ন) আসনে ১৫ জন এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা যথাক্রমে ৬ জন করে রয়েছেন। নোয়াখালী-৬ আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুইজন—সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এছাড়া, নোয়াখালী-২ আসনে কাজী মোহাম্মদ মফিজুর রহমান ও নোয়াখালী-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনের বরকত উল্ল্যা বুলু, নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের ফখরুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের মাহবুবের রহমান শামীম।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
রিপোর্টার্স২৪/বাবি