| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা না ফোটানোর আহ্বান চট্টগ্রামে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ০১:২৭:৩৫:পূর্বাহ্ন  |  119999 বার পঠিত
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা না ফোটানোর আহ্বান চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি: ইংরেজি নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ—এমন দাবি জানিয়ে চট্টগ্রামে পথসভা করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জামালখান চত্বরে আয়োজিত এ পথসভায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা না ফোটানোর জন্য প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

পথসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, এডভোকেট আ.হ.ম রাসেল, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী, টিভি ও বেতার শিল্পী অচিন্ত কুমার দাশ, নিলয় দে, আজগর হোসেন তালুকদার ও মো. আহমদ হোসেন।

বক্তারা বলেন, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটানোর ফলে প্রতিবছর দেশে শত শত পাখির মৃত্যু ঘটে। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়, যা মানবতাবিরোধী ও বেদনাদায়ক। তাঁরা বলেন, পৃথিবী শুধু মানুষের নয়; পাখি, প্রাণ ও প্রকৃতিরও বেঁচে থাকার অধিকার রয়েছে।

আলোচনায় আরও বলা হয়, অতিরিক্ত শব্দদূষণের কারণে মানুষের শ্রবণশক্তি ও স্মরণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ, মানসিক অস্থিরতা, স্ট্রোক ও হার্ট অ্যাটাকসহ নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।

বক্তারা উল্লেখ করেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ নম্বর বিধি লঙ্ঘন করে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো হলে তা বিধিমালার ১৮ নম্বর বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রথমবার অপরাধে অনধিক এক মাস কারাদণ্ড অথবা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুনরাবৃত্ত অপরাধে অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

পথসভা থেকে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের প্রতি আইন মেনে পরিবেশবান্ধব ও মানবিক উপায়ে নতুন বছর উদযাপনের জোরালো আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪