চট্টগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার রোধে চট্টগ্রাম নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভীন তানিয়া এবং ইজাহারুল আহম্মেদ শিহাবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রয়ের জন্য প্রদর্শন ও মজুদের দায়ে কর্ণফুলী মার্কেটের ১ নম্বর গলির ‘নিউ মদিনা স্টোর’, ‘তানভীর এন্টারপ্রাইজ’ ও ‘খান ব্রাদার্স’-এর বিরুদ্ধে তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ১২৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। এ সময় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, স্টোর কিপার অন্তর সাহা এবং বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি