বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী।
অভিযোগে বলা হয়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে উচ্চ শব্দে মাইক ব্যবহার করে সমাবেশ ও গণসংযোগ করেন মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতেও দেখা যায়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি