দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এক ব্যক্তি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে ট্রেনে তার বিচ্ছিন্ন মাথা আটকা পড়ে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে তার বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথাটি সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনে আটকা পড়ে। ট্রেনটি সদর উপজেলার কাউগাঁ স্টেশন পেরিয়ে ৪০৪/৭ ও ৪০৫ নম্বর সেকশনের মধ্যে যাচ্ছিল। ট্রেনের চালক এনায়েতুর রহমান বলেন, দুর্ঘটনার সময় গতি বেশি থাকায় ট্রেন থামানো সম্ভব হয়নি।
ট্রেনটি পাঁচ কিলোমিটার এগিয়ে দিনাজপুর স্টেশনে যাত্রাবিরতি করলে ২১৫৫ নম্বর বগির নিচে মানুষের মাথা আটকা থাকতে দেখে একজন যাত্রী চিৎকার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাথা উদ্ধার করেন।
ওসি ফখরুল ইসলাম জানান, মাথা উদ্ধার হওয়া এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার চুনিয়াপাড়া থেকে হাত ও পা উদ্ধার করা হয়েছে। শরীরের অন্যান্য অংশের খোঁজ চলছে। উদ্ধারকৃত অংশগুলি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি