পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তিনি স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসান মামুন বলেন, ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে বড় রাজনৈতিক দলে বিলীন হচ্ছে। আমি এর বিপক্ষে। আমি নির্বাচনে এসেছি ভুয়া রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ডবাজির বিরুদ্ধে বিএনপিকে বিজয়ী করার জন্য, নিজের জন্য নয়।
এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সহ-সভাপতি ওহাব চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খানসহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পটুয়াখালী-৩ আসনে এ পর্যন্ত মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে— নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ), অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলম (জামায়াতে ইসলামী), মাওলানা আবু বকর ছিদ্দিকী (ইসলামী আন্দোলন), মো. শহিদুল ইসলাম ফাহিম (গণঅধিকার পরিষদ), মো. দেলোয়ার হোসাইন (খেলাফত মজলিস), এস. এম. ফজলুল হক ও মিজানুর রহমান বাবু (স্বতন্ত্র)।
গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী হিসেবে নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা করেছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি