রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কাউখালীর রাবার বাগান চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম অনুপ দত্ত (৩১)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী কেয়াগড় এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া পিকআপ ভ্যানটির চালক তিনি—এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় ত্রিপল মোড়ানো পিকআপ ভ্যানটিতে বিশেষভাবে বস্তাবন্দী অবস্থায় ২৬ বস্তা চোলাই মদ পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ৬৫০ লিটার।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটিতে থাকা আরও দুইজন পালিয়ে যান। পালানোর সময় দ্রুতগতির কারণে পিকআপটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় বলে জানিয়েছে পুলিশ।
কাউখালী থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন