| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকের নীরবতায় স্তব্ধ ঝিনাইদহ: বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক যুগের অবসান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:০৫:০৩:অপরাহ্ন  |  80256 বার পঠিত
শোকের নীরবতায় স্তব্ধ ঝিনাইদহ: বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক যুগের অবসান

 ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে ঝিনাইদহ। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এই নেত্রী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঝিনাইদহজুড়ে থমকে যায় স্বাভাবিক জীবনধারা। রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝেও দেখা দেয় আবেগঘন প্রতিক্রিয়া।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে সকাল থেকেই জেলা শহরের দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম শুরু হয়। একই সঙ্গে জেলার সব উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি কার্যালয়গুলোতেও চলছে কোরআন খতম ও দোয়া মাহফিল।

দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন। জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে জাতীয় পতাকার পাশাপাশি উত্তোলন করা হয়েছে কালো পতাকা। শহরের ব্যস্ত সড়ক থেকে গ্রাম্য হাট-বাজার সবখানেই শোকের আবহ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

ঝিনাইদহ শহরের ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম মিয়া বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন সংগ্রামের মধ্যে কাটিয়েছেন। দেশের স্বার্থে, জনগণের অধিকারের প্রশ্নে তিনি কখনো মাথা নত করেননি। তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী।

রিকশাচালক নজরুল ইসলাম বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। কিন্তু দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র আর মানুষের কল্যাণের প্রশ্নে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। তিনি সব মানুষের নেত্রী ছিলেন।”

পথচারী সেলিনা খাতুন ও রিক্তা খাতুন জানান, সকালে খবরটি শুনেই আমরা স্তব্ধ হয়ে গেছি। দেশের সংকটময় সময়ে তিনি বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি চলে গেলেন, দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে। তার মতো আপোষহীন নেত্রী হয়তো আর আসবেন না।

জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার সংগ্রামে ব্যয় করেছেন। আজ দেশের এই ক্রান্তিলগ্নে তাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুম ও অবহেলার শিকার হয়েছেন তিনি। সেই নির্যাতনই তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজ ঝিনাইদহবাসীসহ সারাদেশের মানুষ এক অমূল্য সম্পদ হারাল। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করি।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঝিনাইদহ যেন হারিয়েছে একজন অভিভাবককে যার নেতৃত্ব, সাহস ও আপোষহীন অবস্থান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪