| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ বিভাগে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ১৫:৫৩:১৯:অপরাহ্ন  |  ১৭৫৪৯৯৬ বার পঠিত
৭ বিভাগে অতিভারি বৃষ্টিপাতের   পূর্বাভাস, ভূমিধসের আশঙ্কা
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

সিনিয়র রিপোর্টার : গভীর নিম্নচাপের কারণে সারা দেশের সাতটি বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রামের কয়েকটি জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

এর প্রভাবে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪ থেকে ৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সে সঙ্গে ভারি বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে অপর এক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।  এছাড়া অন্যত্র ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪