রাঙ্গামাটি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদ মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুরে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আবু বক্কর সিদ্দিক এবং জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জানান, তাঁরা আশা করছেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি-২৯৯ আসনে এখন পর্যন্ত মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান (বিকল্প প্রার্থী তাঁর সহধর্মিণী মৈত্রী চাকমা), জামায়াতে ইসলামী বাংলাদেশের অ্যাডভোকেট মোখতার আহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রিয় চাকমা, খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির অশোক তালুকদার, জাকের পার্টির আবদুল হক মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা এবং স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা ও পহেল চাকমা।
রিপোর্টার্স২৪/বাবি