গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আরমান হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (তারিখ) বিকেলে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আরমান হোসেন কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকার বাসিন্দা ও হাসমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল নয়ন বাজারের বর্মন জুয়েলার্সের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরমান হোসেনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার প্যাকেটে রাখা মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি