কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রানা আহমেদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদারপাড়া এলাকায় একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা আহমেদ দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় লোকজন মরদেহটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, মরদেহের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসএন