দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার উপজেলার দলিল লেখক, জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘুষ বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শোকের দিনেও দুর্নীতির রাহুগ্রাস বন্ধ হয়নি তাঁর। রাত প্রায় ১১টা পর্যন্ত চলে ঘুষ গ্রহণ।
মঙ্গলবার ছিল তাঁর শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসেও শেষ হয়নি তাঁর দুর্নীতি। দৌলতপুরবাসীকে জিম্মি করে অর্থ বাণিজ্য চালিয়েছেন নির্বিঘ্নে। দৌলতপুর সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও তিনি সর্বদা থেকেছেন নির্লিপ্ত।
আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর দুর্নীতি নিয়ে বক্তব্য উপস্থাপন হলেও তিনি তা আমলে নেননি। জেলা প্রশাসকের মতবিনিময় সভাতেও তাঁর দুর্নীতির বিষয়ে মতামত উপস্থাপন হলেও তিনি থেকেছেন নির্বিকার।
বোরহান উদ্দিনের শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। শেষ কর্মদিবসটিও তিনি কাটিয়েছেন জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে। তবে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিদায় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলিল লেখকগণসহ সর্বসাধারণ।
মহিষকুন্ডি এলাকার এক দলিল লেখক আক্ষেপ করে বলেন, সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের বিদায়ের দিনেও তাঁর অর্থলিপ্সা বন্ধ হলো না।
দৌলতপুর থানা বাজারের বিশিষ্ট একজন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে বণ্টননামা দলিলে এক লাখ টাকা ঘুষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ী বলেন, এমন নির্লজ্জ ও বেহায়া কর্মকর্তা আমার জীবনে দেখিনি।
তবে বিদায় হওয়া দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের কাছে কর্মজীবনের শেষ দিনের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এসব জেনে কী করবেন? আপনাদের এসব জেনে লাভ নেই। সাংবাদিকরা মনে করেন বাংলাদেশের সবাই নিকৃষ্ট অপদার্থ। আমার অভিজ্ঞতার আলোকে এগুলো বললাম। আমি এ-ও জানি কোন সাংবাদিক আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামায়াত করে। এখন আবার তারা সবাই বিএনপির হয়ে গেছে।
তিনি রেগে গিয়ে আরও বলেন, আমি কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চাই না, কারণ তাদের মিথ্যার ঝুলিটা বেশি। আমি তো চোর-ডাকাত নই। আমাদের তো আইডেন্টিটি আছে। তাছাড়া বাপ-দাদার কিছু না কিছু আছে। তারপরেও আমার মনে হয় আমি মানুষের কাছে নিকৃষ্ট হয়ে গেছি।
এ সময় তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা সাংবাদিকরা টাকা কোথা থেকে ইনকাম করেন, কী করেন—আমরা জানি। আপনারা নিজের দিকে তাকান না, শুধু অন্যের দিকে তাকান। আল্লাহর তরফ থেকে আপনাদের ওপর গজব পড়ুক। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার শাকিব মুরাদ জানান, সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের মঙ্গলবার কর্মজীবনের শেষ দিন ছিল—বিষয়টি তিনি নিশ্চিত করেন।
রিপোর্টার্স২৪/এসএন