| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৮:০৬:০৫:অপরাহ্ন  |  106787 বার পঠিত
চরভদ্রাসনে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী শেখ ফজল (৪২) কে এলোপাতাড়ি পিটিয়ে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

পার্শ্ববর্তী চর অযোধ্যা গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারীডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) মিলে গত মঙ্গলবার বিকেলে বাজারের মধ্যে ওই ব্যবসায়ীকে এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ী চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত ব্যবসায়ীর স্ত্রী পারভীন আক্তার (৩২) বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি চাঁদাবাজি ও মারপিটের অভিযোগপত্র দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আহত ব্যবসায়ীর বাড়ি বাজারসংলগ্ন চরসুলতানপুর গ্রামে। চরহাজীগঞ্জ বাজারের মধ্যে টংঘরে তাঁর একটি ফলের দোকান ও একটি সিঙ্গারা-পুড়ির দোকান রয়েছে। কিছুদিন ধরে এলাকার বখাটে ফকু খালাসী ও গিয়াস বেপারী মিলে ওই ব্যবসায়ীর কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সকাল ১০টায় দুই বখাটে মিলে ওই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদার টাকা দাবি করলে দোকানদার চাঁদা দিতে অস্বীকার করেন। এ সময় বখাটেরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দোকান থেকে বের করে ব্যবসায়ীকে চড়-থাপ্পর দিয়ে চলে যায়।

এরপর বিকেল ৩টায় বখাটেরা পুনরায় দোকানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে লোহার এসএস পাইপ দিয়ে ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় ও হাতে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

এ সময় আহত ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে বুধবার বিকেলে এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমরা তদন্ত করে চাঁদাবাজির কোনো ঘটনা পাইনি। দোকানের সিঙ্গারা-পুড়ি প্যাকেট করা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারপিট করা হয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪