নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দা-এর কোপে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবু বক্কর ছিদ্দিক ওই গ্রামের ছেলামত উল্যার ছেলে। নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে জমিতে ধান চাষ নিয়ে তার বাবার সঙ্গে কাকা হারুনুর রশীদের বিরোধ চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবাকে গুরুতর আহত করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি