রাঙ্গামাটি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে রাঙ্গামাটি ২৯৯ আসনের মোট আট প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
যাচাই শেষে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিনের মনোনয়নপত্র কাগজপত্রের অসংগতির কারণে স্থগিত রাখা হয়েছে। আর সংসদীয় এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে পহেল চাকমা বলেন, প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে কিছু স্বাক্ষর কম পড়েছে। এ কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তিনি আরও জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ থাকায় ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে শর্ত পূরণ না হওয়ায় একটি মনোনয়ন স্থগিত এবং একটি বাতিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম