নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবদ্ধভাবে প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট চাহিদা ছিল ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬টি বই। এর বিপরীতে পাওয়া গেছে ২০ লাখ ৬৮ হাজার ১৮০টি বই। প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা ছিল ১০ লাখ ৮৮ হাজার ৯০৫টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।
প্রথম শ্রেণির শিক্ষার্থী মিনাহা তাফিদ গ্রন্থ, আবিদ অবরারসহ একাধিক শিক্ষার্থী বলেন, গত বছরের চেয়ে এ বছর তাদের বইয়ের কভার অনেক বেশি সুন্দর। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং আমরা অনেক খুশি।
নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহা. সোলাইমান বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।
রিপোর্টার্স২৪/এসএন