ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসভা ও বারোটি ইউনিয়নের মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বলে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লালাদ বিশ্বাস ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন থাকায় কোনো ধরনের বই বিতরণ উৎসব ছাড়াই শিক্ষা সচিবের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে বই বিতরণ করা হয়। ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ১৩টি দাখিল মাদরাসা ও ১০টি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ২৪ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭০টি কেজি স্কুলের ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝেও বই বিতরণ করা হয়েছে।
ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেবা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত। নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে তার মতো সব শিক্ষার্থীই আনন্দিত বলে জানায় সে। একইভাবে কাজী সামসুননেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা হাদি নতুন বই পেয়ে বাবা-মাকে ভালো ফলাফল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবার দোয়া কামনা করে।
রিপোর্টার্স২৪/এসএন