নারায়ণগঞ্জ প্রতিনিধি: বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী নতুন পাঠ্যবই পেলেও মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বইবঞ্চিত থেকেছে। জেলার কোথাও এই দুই শ্রেণির কোনো পাঠ্যবই এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।
তিনি জানান, প্রাথমিক শিক্ষার সব শ্রেণির বই চাহিদা অনুযায়ী পাওয়া গেছে। তবে মাধ্যমিক পর্যায়ে কয়েকটি বিষয়ের বই ছাড়া অধিকাংশ বই এখনো আসেনি। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই জেলায় পৌঁছায়নি। একই সঙ্গে দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং এবতাদিয়ার ষষ্ঠ শ্রেণির বইও পাওয়া যায়নি।
আতিকুর রহমান বলেন, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের সংকট শুধু নারায়ণগঞ্জে নয়, অন্যান্য জেলাতেও রয়েছে।
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ জানান, নবম শ্রেণির সব বই পেলেও ষষ্ঠ শ্রেণিতে কেবল বাংলা, ইংরেজি ও গণিতের বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত বই চলে আসবে। যা পেয়েছি, তা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার কমর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকাল থেকে স্কুলে এসেও কোনো বিষয়ের বই পায়নি। বই না পেয়ে তাকে স্কুল প্রাঙ্গণে বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে, প্রাথমিক স্তরে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্নি আক্তার মেহেরিমা বলে, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেলে খুব আনন্দ লাগে। এই আনন্দের জন্যই স্কুলে আসি।
সদর উপজেলার ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন জানান, রাষ্ট্রীয় শোকের কারণে বই উৎসব না হলেও সব শিশু শিক্ষার্থী নতুন বই পেয়েছে। তিনি বলেন, বই বিতরণের সময় প্রতিটি ক্লাসেই শিশুদের মুখে আনন্দ ছিল।
এদিকে, ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক রায়হান কবির।
রিপোর্টার্স২৪/বাবি