তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কালাজানি গ্রামে বিক্রি করা জমির দলিল হস্তান্তর না করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আবুল কাশেম জানান, কালাজানি গ্রামের আজগর আলী, ইয়াকুব আলী ও ইউসুফ আলীর কাছ থেকে তিনি প্রায় ১৭ বছর আগে ২০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে জমিটি তার ভোগদখলে থাকলেও বিক্রেতারা এখন পর্যন্ত দলিল করে দিচ্ছেন না।
তিনি বলেন, একাধিকবার তাগিদ ও সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা বিভিন্ন তালবাহানা দেখিয়ে দলিল দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা বিষয়টি ঝুলিয়ে রাখছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি তারাকান্দা থানা পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়েছে। সাবেক ওয়ার্ড সদস্য বাবু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে দাবি করা হয়।
এলাকার একাধিক বয়োজ্যেষ্ঠ মুরব্বি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আবুল কাশেমের কাছে জমি বিক্রির বিষয়টি সত্য বলে জানান। তারা দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমির দলিল বুঝিয়ে দেওয়ার দাবি জানান এবং বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টার্স২৪/বাবি