রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশা কেটে যাওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরিসহ সব ধরনের নৌযান নৌরুটে পুনরায় চলাচল শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর উপর ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসার সঙ্গে সঙ্গে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।
দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজটও স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রিপোর্টার্স২৪/ঝুম