| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৬:৩০:৪২:অপরাহ্ন  |  75946 বার পঠিত
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান।

এর আগে, গত বুধবার ২৪ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে উঠে যায়। এতে বিএনপি নেতা জামালসহ অন্তত ৩২ নেতাকর্মী আহত হন।

নিহত জামাল নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং একই ওয়ার্ডের আরশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়ক বিভাজনের (আইল্যান্ড) ওপর উঠে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩২ নেতাকর্মী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বিএনপি নেতা জামাল উদ্দিন এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মি ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে জামাল উদ্দিন মারা যান।

জামাল উদ্দিনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। এছাড়া তার শোকাহত পরিবার-পরিজনদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪