বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আগুনে পুড়ে হায়া বিবি (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে বাগেরহাট সদর থানার ওসি মাসুম খান বলেন, হায়া বিবি বরিশাল জেলায় পৈতৃক বাড়ি ছিলেন। তার বিয়ে যশোরে হলেও, সন্তানদের দেখাশোনা না থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাটে তার বোনের বাড়িতে বসবাস করতেন। সেখানে তিনি পলিথিন দিয়ে তৈরি একটি ছোট ঝুপড়িতে থাকতেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা