বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ব্লু-বিকন স্কিল যুব একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মোড়েলগঞ্জ যুব সমাজের আয়োজনে জেলার মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণীখালী গুচ্ছগ্রাম এলাকায় এই একাডেমির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলয়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. ফারুকুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি কামরুজ্জামান নাছির, বাঁধন মানব উন্নয়ন সংস্থার মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ শওকত হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, শাহজাহান হাওলাদার, তাসলিমা বেগম, প্রশিক্ষক রিমা আক্তারসহ শতাধিক গ্রামবাসী।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক শামীমা আক্তার বলেন, আমাদের এই এলাকার গুচ্ছগ্রামে শত শত ভূমিহীন মানুষ বসবাস করে। তাদের মধ্যে অনেকেই খুব কষ্টে জীবন যাপন করে। আমরা গ্রামের পিছিয়ে পড়া নারী-পুরুষ ও যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে চাই। আমরা অ্যাকশনএইড বাংলাদেশের মাধ্যমে এবং নিজেদের কিছু সহযোগিতা নিয়ে এই ব্লু-বিকন স্কিল একাডেমির যাত্রা শুরু করেছি। আমরা চাই গ্রামীণ নারী-পুরুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে।
পরে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন