নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নীলফামারী শহরের স্টেশন রোডের ডালপট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুগ্ম আহ্বায়ক সামসুল হক শাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সে লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি মিলেমিশে কাজ করতে আগ্রহী। দেশ ও জনগণের স্বার্থে এই ঐক্য আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী দিনে নীলফামারীর উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে জনসমর্থন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে এনসিপির নীলফামারী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।