ভোলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনার নির্দেশ রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, ভারত সরকার অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’
শনিবার (৩ জানুয়ারি) ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশে নাগরিক হত্যা ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্টের ঘটনায় যে মাফিয়া নেতা দায়ী, তিনি দেশ ও আন্তর্জাতিকভাবে স্বৈরশাসক হিসেবে পরিচিত। আশা করি, ভারত সরকার অবিলম্বে তাকে ফেরত পাঠাবে।
তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের অর্থ, সাহায্য-সহযোগিতা ও পরিকল্পনার মাধ্যমে হত্যাকারীরা সীমান্তপারের হানাহানি চালিয়েছে। এরপর তাদের আবার ভারতে পাচার করা হয়েছে। এ কারণে জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ও সন্দেহ সৃষ্টি হয়েছে।
মেজর হাফিজ অভিযোগ করেন, আগামী নির্বাচনের সময় বাকি থাকাকালীন এই ধরনের হত্যাকাণ্ড চালানোর জন্য আওয়ামী লীগ প্রস্তুত থাকবে এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সমর্থন পাওয়ার সুযোগ থাকবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন জায়গায় তাদের জন্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে।
সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, তুজমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি