চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইতে কোনো গুরুতর ত্রুটি বা আইনগত প্রতিবন্ধকতা পাওয়া যায়নি।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হওয়া কার্যক্রমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই পরিচালনা করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ এই দুই আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র আইন ও বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়। প্রার্থীদের প্রতিনিধি, আইনজীবী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সব প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।”
এভাবে চুয়াডাঙ্গার দুটি আসনে ভোটে অংশ নেওয়ার প্রার্থী তালিকা চূড়ান্ত আকার পেয়েছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা