চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ ঘোষণা দেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, “আনিসুল ইসলাম মাহমুদ তার মনোনয়নপত্রের সঙ্গে দলীয় যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানকার স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরে গড়মিল রয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
চট্টগ্রাম নগরীর হাটহাজারী উপজেলা ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ সংসদীয় এলাকায় মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলনের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আলাদা হন। রওশনের অংশ থেকে বের হয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোট আত্মপ্রকাশ করেছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।
রিপোর্টার্স২৪/ আয়েশা