লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও জেএসডিসহ বিভিন্ন দলের ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবলু খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া লক্ষ্মীপুর সদর (লক্ষ্মীপুর-৩) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে নাজমুল আহসান পাটওয়ারী এবং লক্ষ্মীপুর-৪ আসনে এ আর হাফিজ উল্লাহসহ ইসলামী আন্দোলন, এনসিপি ও জেএসডির মোট ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান; লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যাহ ও কল্যাণ পার্টির ফরহাদ মিয়া; লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ, এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিন; এবং লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ভোটার তালিকায় অসঙ্গতি, তথ্যগত ভুল, মামলার তথ্য গোপনসহ বিভিন্ন কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি