ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ঋণখেলাপি, ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি ও স্বাক্ষর সঠিক না থাকায় ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই শেষে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় চারটি আসনের প্রার্থী, তাদের এজেন্ট ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলম বিশ্বাসের বিরুদ্ধে ঋণ অনাদায়ের (ঋণখেলাপি) প্রমাণ পাওয়া যায়। এছাড়া দাখিল করা এক শতাংশ ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি ও স্বাক্ষর সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া ঝিনাইদহ-৪ আসনে একই ধরনের অনিয়ম ও তথ্যের অসঙ্গতির কারণে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রিপোর্টার্স২৪/এসসি