নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ (৫৫) শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতের দিকে উপজেলার কুজাইল গ্রামে ডেভিলহান্ট ফেইজ-২ অভিযানের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। তাকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ধরা হয়েছিল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু জার গাফফার জানিয়েছেন, বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পরই তিনি হার্ট অ্যাটাকে মারা যান। নওগাঁ জেলা কারাগারের কর্মকর্তা শাহারিয়ার আলম চৌধুরী বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি