ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী।
শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে স্বর্ণকারের দোকানে তিনি ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও বাকি ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে চলে আসেন। ঘটনার সময় অপরিচিত একটি অটোরিকশায় তিনি জেলা শহর থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে যাত্রীবেশে অপরিচিত একজন নারী ও একজন পুরুষও ওঠেন।
পিয়ারাপুর এলাকায় পৌঁছালে অপরিচিত নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তার সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। তবে তার পকেটে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক নেয়নি দুর্বৃত্তরা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, অতিদ্রুত স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন