বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের জয়মনি শরকির খালসংলগ্ন এলাকায় শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।
রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করেছে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার জয়মনি এলাকার শরকির খালপাড়ে সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।
তিনি আরও বলেন, বাঘটি উদ্ধারে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা হবে। ট্রাঙ্কুলাইজ করার পর বাঘটি আধা ঘণ্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে। এছাড়া বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/এসএন