কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও একটি কাফনের কাপড় পাঠানো হয়।
শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, চিঠিতে লেখা ছিল, ‘আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় পাঠালাম।’ চিঠির নিচে স্বাক্ষর করা আছে মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’, কক্সবাজার।
শাহজাহান চৌধুরী জানান, চিঠি ও কাফনের কাপড় পাঠানোয় তার পরিবার মারাত্মকভাবে আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি বলেন, ‘চিঠিতে আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। ভাষা ও বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শাহজাহান চৌধুরী হুমকির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি