শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইছাক-আবিরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সনদপত্র, ক্রেস্ট ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের বাসিন্দা, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক ও ইছাক-আবিরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম গ্রামের একটি মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রতিবছরের প্রথমদিকে তিনি মা সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীদের মেধাবৃত্তির পাশাপাশি খাতা-কলম, স্কুল ব্যাগ, শীতবস্ত্র, সনদপত্র ও ক্রেস্ট বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক ১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় এবং দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
২০২০ সালের পর থেকে তিনি ইছাক-আবিরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। শিক্ষকদের জন্য আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য সহযোগিতাও করেছেন তিনি। যতদিন এই ফাউন্ডেশন থাকবে, ততদিনই প্রতিবছর এভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ কুমার বাড়ৈ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক ও ইছাক-আবিরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মমিনুর রহমান, প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন, পিটিএ সভাপতি কদর আলী মোল্লা ও বিএনপি নেতা সালেক সর্দার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টার্স২৪/এসএন