| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে নারী-শিশুসহ ২৭৩ জন উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৯:০৪:২১:অপরাহ্ন  |  77553 বার পঠিত
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে নারী-শিশুসহ ২৭৩ জন উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচার চক্রের ১০ জন দালালকেও আটক করা হয়েছে। উদ্ধারকরাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা বলে জানিয়েছে নৌবাহিনী।

শনিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। রবিবার(৪জানুয়ারি) বিকেলে নৌবাহিনীর গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নৌবাহিনী জানায়, টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানোর সময় সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। জাহাজ থেকে থামার সংকেত দেওয়া হলেও বোটটি তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে নৌবাহিনীর তাৎক্ষণিক ধাওয়ায় বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭৩ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচার চক্রের ১০ জন সদস্যকে আটক করা হয়।

উদ্ধার  হওয়াদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দালালচক্রের মাধ্যমে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। আটক বোটটিতে পর্যাপ্ত খাদ্য, পানি ও ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম ছিল না।

নৌবাহিনী আরও জানায়, এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে গুরুতর মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। সময়োচিত ও কার্যকর অভিযানের মাধ্যমে সেই বিপদ প্রতিহত করা সম্ভব হয়েছে।

আটক বোট, দালাল ও উদ্ধার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও চোরাচালান রোধ এবং সমুদ্রপথে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪