| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৭ জন বৈধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০০:২১:০৫:পূর্বাহ্ন  |  77279 বার পঠিত
ফরিদপুর-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৭ জন বৈধ

ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রাথমিক যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বিভিন্ন ত্রুটির কারণে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল ঘোষণা করেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনী দাখিল করায় ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান, মো. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু। তাদের ক্ষেত্রে মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও তথ্যের সত্যতা পাওয়া না যাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার কপি না দেওয়ায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাসের মনোনয়নও বাতিল করা হয়েছে।

অন্যদিকে, হলফনামায় উল্লেখিত সম্পদের বিবরণ ও আয়কর নথির মধ্যে অসংগতি কিংবা তথ্য গোপনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়। একইভাবে বার্ষিক আয়ের তথ্যগত ত্রুটির কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত রাখা হয়।

এছাড়া মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, আয়কর রিটার্নের কপি না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের এবং অন্যান্য ত্রুটিজনিত কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শরাফাতের মনোনয়নও প্রাথমিকভাবে স্থগিত করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল, তাদের বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী ও কাগজপত্র দাখিল করায় বিধি অনুযায়ী ৮ জনের মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪