নড়াইল প্রতিনিধি: নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা–যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।
নিহত মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে বসবাস করে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
রোববার সন্ধ্যায় রাতের খাবারের উদ্দেশ্যে একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে যাওয়ার পথে হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শেখ সেকেন্দার আলী।