| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল স্থগিত, দুর্ভোগে যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৫:১৮:২১:পূর্বাহ্ন  |  ৯৮৯২৪৪ বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল স্থগিত, দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এতটাই তীব্র আকার ধারণ করে যে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসগুলো ঘাট এলাকায় আটকে পড়েছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেক যাত্রী ঘাট এলাকায় অপেক্ষা করছেন ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার আশায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে এসব ফেরি দ্রুত চলাচলে যুক্ত করা হবে।

উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪