সিলেট প্রতিনিধি: সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের কম্পনে নগরী ও উপশহরের বিভিন্ন এলাকা দুলতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছে, ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভব করার বিষয়টি শেয়ার করেছেন। কেউ লিখেছেন, ঘুম ভেঙে গেছে, কেউ বলেছেন হঠাৎ ঘর দুলে উঠেছে। অনেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪, উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাও এবং গভীরতা ৩৫ কিলোমিটার। এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
রিপোর্টার্স২৪/বাবি