ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১১টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে বালিয়াডাঙ্গী থানাধীন বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী বাজারসংলগ্ন বড় পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোলেমান আলী (৫৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত্রিকালীন জরুরি মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে মোড়ানো ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন