| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসএফ’র হাতে আটকের পর বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৮:৩২:১৪:অপরাহ্ন  |  ৪১৭৪১৬ বার পঠিত
বিএসএফ’র হাতে আটকের পর বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফ’র হাতে আটকের পর বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে বিজিবির কাছে দাবি করেছে বিএসএফ। নিহতের বাবাও একই মন্তব্য করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সূত্রে জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল অবৈধভাবে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এসময় রঘুনাথগঞ্জ থানা এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়েন।

পরে রোববার সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয় নিহতের পরিবার।

এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলী বলেন, ভোরে কয়েকজন ভারতে যাওয়ার পর জানতে পারি, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তার মৃত্যুর কারণ এখনও অজানা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, রোববার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সন্ধ্যায় বিএসএফের কাছে জানতে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এসময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। এ অবস্থায় ক্যাম্পে নেওয়ার পর তাকে জামা-কাপড় দেওয়া হলে তার শরীরে খিচুনি দেখা দেয়। এসময় তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বিএসএফ ময়নাতদন্ত শেষে সোমবার তার লাশ দিতে চাইলেও বিকেল পর্যন্ত দেয়নি। তিনি আরও জানান, লাশ ফেরত পাওয়ার পরই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নিহতের পিতা এজাবুর রহমান তার ছেলে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন। তবে কি কারণে রবিউল ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং কি রোগ ছিল, তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪