যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়–য়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(৫জানুয়ারি) বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
নেয় মণিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি