নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ১০ জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়।
ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
রিপোর্টার্স২৪/এসএন