রিপোর্টার্স২৪ ডেস্ক: মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠক বসবে। চিকিৎসকেরা জানিয়েছেন, হুজাইফার মস্তিষ্কে গুলি থেকে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে তার মাথার একটি অংশের খুলি খুলে রাখা হয়েছে, যা চিকিৎসার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
হুজাইফা গত রোববার সকাল ৯টায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত অবস্থায় সীমান্তবর্তী এলাকায় পাওয়া যায়। সন্ধ্যা ৬টায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির অবস্থা এখনও গুরুতর এবং খুলি খোলা রাখা চিকিৎসা সম্পর্কিত একটি পদক্ষেপ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বিস্ফোরণ থামছে না। তিন দিন ধরে মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এছাড়া স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী। এর ফলে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলোতে ওপারের বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও হুজাইফা খেলতে বের হওয়ার পর সীমান্তের ওপার থেকে আবার গুলি আসে। তার মুখের পাশ দিয়ে একটি গুলি মাথায় ঢুকে যায়।
রিপোর্টার্স২৪/ঝুম