দাগনভূঞা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সমীত দাসের বাড়িতে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
মিন্টু বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব যেন প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। আমি সমীরের পরিবারকে কথা দিচ্ছি কখনো তাদের ভুলব না। সামনে তো নির্বাচন, এর পরে আমি পরিবারটিকে যত প্রকার সহযোগিতা করা সম্ভব করব। এখানে হিন্দু-মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল নুরসী, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারিছ আহমদ পেয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, এর আগে সোমবার (১২ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার বজু মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে স্বজনরা সমীতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দাগনভূঞা থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সমীত দাস মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের ফাজিলের ঘাট জেলে বাড়ির কার্তিক দাস ও রিনা রাণী দাসের ছেলে।
রিপোর্টার্স২৪/এসসি