নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে দলটির প্রার্থী দলের মোহাম্মদ শাহজাহানের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপ খুলে বিভিন্নজনকে ম্যাসেজের মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে। প্রতারকরা ভিন্ন একটি বিকাশ নম্বর দিয়ে পরিচিতজনদের টাকা পাঠাতে বলছে।
এ ছাড়া একটি অপরিচিত নম্বর থেকে তাকে মোবাইল ফোন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় তার অপূরণীয় ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
মোহাম্মদ শাহজাহান জানান, প্রতারকচক্র তার মোবাইল নম্বর হুবহু ব্যবহার করে রাজশাহীর বাঘা উপজেলা এলাকা থেকে টাকা দাবি করছে। এ বিষয়ে তিনি সুধারাম থানায় সাধারণ ডায়েরি করে আইনগত সহায়তা চেয়েছেন।
এ ঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতারকচক্রের সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহানের অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন