নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. বাদল মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে ওই স্কুলছাত্রের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। মো. বাদল মোল্যা কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে এবং স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. বাদল মোল্যা তার পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। তবে পরিবারটি তা কিনে দিতে অস্বীকৃতি জানায়।
মঙ্গলবার বিকেলে বাদল বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করে একপর্যায়ে বাড়িতে গিয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি দেয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ওইদিন রাতে মরদেহটি হেফাজতে নেয়। পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন