| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা নদীতে ভাসছে কুমির, আতঙ্কে নদীপাড়ের মানুষ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১২:৪৯:১৯:অপরাহ্ন  |  ৯৩৭৩৭০ বার পঠিত
পদ্মা নদীতে ভাসছে কুমির, আতঙ্কে নদীপাড়ের মানুষ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কয়েকদিন ধরে একটি বড় কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল ও নদীতে যাতায়াত করেন, সেখানে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং)–এর সামনে পদ্মা নদীর তীরে গিয়ে দেখা যায়, কুমির দেখতে উৎসুক জনতার ভিড়। স্থানীয়দের ভাষ্য, গত দুই থেকে তিন দিন ধরে কখনো সকালে, কখনো দুপুরে কুমিরটি নদীর পানির উপর ভেসে উঠেছে।

স্থানীয় যুবকসহ অনেকেই কুমিরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন,হঠাৎ করেই আমাদের ২৮নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান বাড়ি স্কুল)–এর পাশে পদ্মা নদীতে কুমির দেখা গেছে। স্থানীয় সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

রবিউল রবি নামে এক স্থানীয় যুবক লিখেছেন,রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। এই জায়গায় প্রতিদিন শত শত মানুষ গোসল করে। সবার সাবধানতা অবলম্বন করা উচিত।

এছাড়াও মিজানুর রহমান মুন তার ফেসবুক পোস্টে জানান,বিশেষ সতর্কতা—রাজবাড়ী পদ্মা নদীর উড়াকান্দা বাজার পয়েন্টে কুমির দেখা যাচ্ছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন,আমি নিজেও শুনেছি গত দুই-তিন দিন ধরে এখানে কুমির ভেসে উঠছে। আজও নাকি দুইবার দেখা গেছে। শুনে বিকেলে দেখতে এসেছি, তবে সরাসরি দেখতে পাইনি।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন,আমরা বিষয়টি সম্পর্কে অবগত। যেহেতু এটি পদ্মা নদীর মূল স্রোত, তাই সেখান থেকে কুমির ধরাটা প্রায় অসম্ভব। আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করা হবে, যাতে কেউ নদীতে না নামে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন,বিষয়টি আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুমিরের উপস্থিতির খবরে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা ও স্পষ্ট নির্দেশনার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪