নাটোর প্রতিনিধি: নাটোরের সদর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হালশা ইউনিয়নের আব্দুলপুর এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম নিমাই পাহান। তিনি ওই এলাকার মৃত রঘুনাথ পাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমাই পাহান পেশায় একজন কৃষক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নিজ জমিতে চাষাবাদ করতেন। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিলে যাওয়ার পথে পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, নেশাজাতীয় কিছু সেবনের পর অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম